ইরানে বাধ্যতামূলক হিজাব ছাড়া সংগীত পরিবেশনের ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সাজা কার্যকর করা হয়েছে তার দলের তিন সংগীতশিল্পী ও একজন প্রযোজকের ওপর। সোমবার (২৩ নভেম্বর) ইরানের কোম শহরে এ শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে সরাসরি সম্প্রচারিত একটি সংগীতানুষ্ঠানে অংশ নেন। ওই পরিবেশনায় তার মাথায় হিজাব ছিল না। পরনে ছিল হাতাকাটা পোশাক। তার সঙ্গে কয়েকজন পুরুষ সংগীতশিল্পীও অংশ নিয়েছিলেন।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ইরানি কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পরে আহমাদি ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
আইনজীবীদের বরাতে জানা গেছে, চলতি বছরের জুনে কোমের একটি ফৌজদারি আদালত আহমাদি এবং আরও আটজনকে জনশালীনতা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেন।
আদালতের রায়ে প্রত্যেকের জন্য ৭৪ বার বেত্রাঘাতের সাজা নির্ধারণ করা হয়। পাশাপাশি দুই বছরের জন্য শৈল্পিক ও অডিওভিজ্যুয়াল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আহমাদির আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের শেষ দিকে কোমের একটি আপিল আদালত তাদের আবেদন নাকচ করে আগের রায় বহাল রাখেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আসামিপক্ষের এক আইনজীবী জানান, সাজা কার্যকর ঠেকাতে তারা আদালতের রায় বাতিল, শাস্তি কমানো কিংবা অন্তত তা স্থগিত করার চেষ্টা করেছিলেন। এমনকি বেত্রাঘাত কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার আবেদনও করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করেনি।
ইরানের সংস্কারপন্থি সংবাদমাধ্যম এ'তেমাদের বরাতে চার পুরুষ সহ-আসামির নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তারা হলেন সোহেইল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারি।
এই ঘটনার পর ইরানের শিল্পী, মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মহলে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকারকর্মীদের মতে, সংগীত পরিবেশনা ও পোশাকের স্বাধীনতার মতো বিষয়ে এ ধরনের শাস্তি মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করে।
বেত্রাঘাতকে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেও এ ধরনের শাস্তির বিরোধিতা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের পক্ষ থেকেও আহমাদির ওপর শাস্তি কার্যকর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই নারীদের পোশাক ও জনসমক্ষে সংগীত পরিবেশনার ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। দেশটির প্রচলিত আইন অনুযায়ী, নারীদের জনসমক্ষে চুল ঢেকে রাখা এবং শরীরের গড়ন আড়াল করে এমন পোশাক পরার বাধ্যবাধকতা রয়েছে। নারীদের একক কণ্ঠে জনসমক্ষে গান পরিবেশনেও বিধিনিষেধ রয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর এসব বিধিনিষেধের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হিজাব যথাযথভাবে না পরার অভিযোগে তেহরানে নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়ার পর তার মৃত্যু হয়।
এরপর থেকে ইরানে নারীদের পোশাকের স্বাধীনতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ব্যক্তিগত অধিকার নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। পারাস্তু আহমাদির বিরুদ্ধে বেত্রাঘাতের ঘটনা সেই বিতর্ককে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
সূত্র: বিবিসি।
মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
তাইওয়ানের নির্বাচন ঘিরে চীনের কঠোর অবস্থান
১৯ ছক্কায় গেইলকে ছাড়িয়ে প্রিয়াংশের রেকর্ড