মিথ্যা অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে চাইছে ইসরায়েল: আরাঘচি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

ইরানের রাসায়নিক ও জীবাণু অস্ত্রের সক্ষমতা নিয়ে মিথ্যা অভিযোগ তুলে যুদ্ধের পরিবেশ তৈরি করছে ইসরায়েল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে দেশটি—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজাভি খোরাসান প্রদেশে একটি বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আরাঘচি বলেন, ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কথিত রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক অভিযোগ যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসনের পথ তৈরি করার প্রচারণার অংশ। তবে ইরান আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং একই সঙ্গে কূটনীতির পথও খোলা রেখেছে।

তিনি বলেন, ‘যুদ্ধের পরিবেশ তৈরি করতে এবং ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলতে ইসরায়েল মিথ্যার আশ্রয় নিচ্ছে। প্রতিদিন তারা নতুন কোনো অদ্ভুত বক্তব্য দিচ্ছে এবং ব্যাপক অভিযোগ তুলছে। এসব দাবি হয়তো কেবল সরল বিশ্বাসী মানুষই বিশ্বাস করবে।’

ইসরায়েলি কর্মকর্তাদের বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে আরাঘচি বলেন, ইরান শত শত ক্ষেপণাস্ত্র লুকিয়ে রেখেছে, ওষুধ কারখানায় রাসায়নিক অস্ত্র তৈরি করছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র দিয়ে ওয়াশিংটনে হামলা কিংবা হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করছে—এমন অভিযোগও তুলেছে ইসরায়েল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায়, মার্কিন জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ছে যে যুক্তরাষ্ট্রের স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এ কথা শুধু আমি বলছি না। যুক্তরাষ্ট্রের ভেতরেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টও এ বিষয়ে কথা বলেছেন।’

ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যবিষয়ক নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আরাঘচি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডের মূল্য যুক্তরাষ্ট্রের বারবার বহন করা উচিত নয়।

তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের খরচ বহন করার নীতি পুনর্বিবেচনা করতে হবে এবং সতর্ক থাকতে হবে। তারা যদি আবার ইরানকে পরীক্ষা করতে চায়, তাহলে এর পরিণতি আগের চেয়ে ভালো হবে না।’

আরাঘচি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামগ্রিক নীতির মধ্যে ইরান কোনো পার্থক্য করে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কীভাবে তা করতে হয়, তা ভালোভাবেই জানি।’

ইসরায়েলের সর্বশেষ অভিযোগগুলো বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে আরাঘচি বলেন, এসব অভিযোগ দিয়ে আন্তর্জাতিক জনমতকে আর বিভ্রান্ত করা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘তারা আমাদের বিরুদ্ধে যে অভিযোগই তুলুক না কেন, প্রকৃতপক্ষে তা তাদের নিজেদের সম্পর্কেই স্বীকারোক্তি। নিজেদের সব অপকর্ম অন্যের ওপর চাপিয়ে দিতে চায় তারা। এতে এই শাসকগোষ্ঠীর নীতির প্রকৃত চরিত্র প্রকাশ পায়।’

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ ইসরায়েলের

আরাঘচির এ বক্তব্যের আগে মঙ্গলবার ইসরায়েলের সামরিকবিষয়ক মন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযোগ করেন, তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে। তাঁর দল লিকুদ পার্টির প্রকাশিত এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, ইরান এ ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে এখনো সেগুলো ব্যবহারের সক্ষমতা অর্জন করেনি। তিনি বলেন, ‘আমাদের এটি এগোতে দেওয়া উচিত নয়।’

তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনের ভেতর থেকেও এ অভিযোগ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। বিরোধী নেতা গাদি আইজেনকটের মিত্র আভিগদর লিবারম্যান বুধবার বলেন, তাৎক্ষণিকভাবে ইরানে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত