জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় দেন।
দণ্ডিত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই জানান, প্রতিবেশী হওয়ায় জাহিদুল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময়ে তিনি কিশোরীকে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে গর্ভপাতের পর মৃত ছেলে সন্তানের জন্ম হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল কিশোরীর বাবা জাহিদুল ইসলাম ও তার বোন সুবর্ণা আক্তারকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন।
আইনজীবী আব্দুল হাই আরও জানান, গ্রেপ্তারের পর জাহিদুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় বাদীসহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
নালিতাবাড়ীতে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ