কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুন ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটির দল।
বাপেক্সের দল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আগুন নিয়ন্ত্রণের চূড়ান্ত অভিযান শুরু করেছিল। তবে আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় কাজ স্থগিত করা হয়। শুক্রবার সকাল ৭টায় আবার অভিযান শুরুর উদ্যোগ নেওয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করে সকাল ৯টার দিকে কাজ শুরু করা হয়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গত ১৪ দিন ধরে ৫৫ সদস্যের একটি দল কাজ করেছে। ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী, গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী ধাপে সিমেন্ট দিয়ে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার কথা রয়েছে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, দেশীয় প্রযুক্তি ও জনবল ব্যবহার করে পুরো অভিযান পরিচালনায় ব্যয় হচ্ছে আনুমানিক ১ থেকে ২ কোটি টাকা। বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হলে এ কাজে ১০০ থেকে ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারত। এ অভিযানের মাধ্যমে অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতে নতুন অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতা অর্জিত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা ৩১ দিন ধরে আগুন জ্বলছিল।
জামালপুরে কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন