ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের সামরিক ঘাঁটিতে বসবাস, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রায় অর্ধডজন সদস্য এখন রাজধানী ওয়াশিংটন ডিসিতে সামরিক আবাসনে বসবাস করছেন। নিরাপত্তাঝুঁকির কারণে তাঁরা সাধারণ আবাসনের পরিবর্তে সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত সুরক্ষিত এলাকায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অতীতে কোনো প্রেসিডেন্টের প্রশাসনে বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ ধরনের প্রবণতা খুব একটা দেখা যায়নি।

সামরিক জেনারেল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসনের জন্য তৈরি এসব বাড়ি এক শতাব্দীরও বেশি পুরোনো। প্রবেশপথে কঠোর নিয়ন্ত্রণ ও চারপাশে নিরাপত্তাবেষ্টনী থাকায় সাধারণ মানুষের চলাচল থেকে এগুলো কার্যত বিচ্ছিন্ন। ট্রাম্প প্রশাসনের কয়েকজন মন্ত্রিসভার সদস্য বলছেন, শহরের অন্য যেকোনো স্থানের তুলনায় এসব আবাসনে তাঁরা বেশি নিরাপদ বোধ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি প্রতিপক্ষের নতুন হুমকির কারণে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সামরিক স্থাপনায় বসবাসের প্রবণতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—যে দলের প্রশাসনই ক্ষমতায় আসুক, এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসে সিএনএন জানিয়েছিল, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান। তবে এ বিষয়ে মার্কিন গোয়েন্দা তথ্যের বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাসের ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ঐতিহ্য অনুযায়ী, নির্বাচিত ও বেসামরিক সরকারি নেতারা সাধারণ নাগরিকদের সঙ্গে একই শহর ও সামাজিক পরিসরে বসবাস করবেন।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা এমনিতেই নিরাপত্তাকর্মীদের ঘেরাটোপে থাকেন। এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে কিংবা বাড়িতে যাতায়াতের সময় তাঁদের সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ সীমিত থাকে।

তিনি বলেন, ‘কিন্তু এখন আরও নাটকীয়ভাবে তাঁরা আমাদের অধিকাংশ মানুষের বসবাসের মতো পাড়া-মহল্লাতেও থাকছেন না।’

কানের মতে, এ ধরনের ব্যবস্থা সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে তুলছে, যা দুঃখজনক।

ট্রাম্প ওয়াশিংটনকে নিজের পরিকল্পনা অনুযায়ী নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন। শহরকে অনিরাপদ মনে করে তিনি সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। হোয়াইট হাউসে বিশাল নতুন বলরুম নির্মাণ এবং একটি সরকারি গলফ কোর্সের উন্নয়ন ও পুনর্বিন্যাসের উদ্যোগও নিয়েছেন।

তবে এসব উদ্যোগের মধ্যেই তাঁর প্রশাসনের কর্মকর্তারা আগের যেকোনো প্রশাসনের তুলনায় রাজধানীর সাধারণ জনজীবন থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমে আসার কথা উল্লেখ করে বলেছেন, লক্ষ্যভিত্তিক নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার অনেক সদস্য ব্যক্তিগতভাবে শহরের সাধারণ আবাসিক এলাকায় থাকতে পারছেন না। তবে রাজধানীকে ‘নিরাপদ ও সুন্দর’ করে তুলতে তাঁরা প্রশাসনের উদ্যোগে ব্যক্তিগতভাবে অবদান রাখছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সামরিক আবাসনে বসবাসের বিষয়টি ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের নজরেও এসেছে। এ বিষয়ে আগামী বসন্তের মধ্যে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে পেন্টাগনকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে সামরিক আবাসনে বসবাসকারী রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা, তাঁদের সেখানে থাকার যৌক্তিকতা হিসেবে দেখানো নিরাপত্তা হুমকি, এ ধরনের আবাসন ব্যবহারের আইনি ভিত্তি এবং ভাড়ার পরিমাণ তুলে ধরতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস এ প্রতিবেদন তৈরির উদ্যোগে ভূমিকা রাখেন। তাঁর মতে, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বসবাস করলে তাঁরা বাজারদর অনুযায়ী ন্যায্য ভাড়া দিচ্ছেন কি না, তা তদন্ত করা প্রয়োজন।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত