এনপিটি ছাড়ার হুমকি ইরানের, ৬ বছরেও সংসদে পাস হয়নি কোনো প্রস্তাব

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় আবার হামলা হলে দেশটিকে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যেতে হবে—এমন বিধান রেখে দেশটির পার্লামেন্টে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। তবে গত ছয় বছরে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে একের পর এক উদ্যোগ নেওয়া হলেও কোনোটিই চূড়ান্ত ভোটাভুটির পর্যায়ে পৌঁছায়নি। ফলে বারবার চুক্তি ছাড়ার হুমকি দিলেও বাস্তবে এ বিষয়ে ইরানের অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে।

গত ২২ নভেম্বর পার্লামেন্ট সদস্য মোহাম্মদ মানান রাইসি বিলটি উত্থাপন করেন। এতে ‘দ্বৈত জরুরি’ প্রক্রিয়ায় বিলটি নিবন্ধিত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনায় আবার হামলা হলে নতুন করে পার্লামেন্টের ভোট ছাড়াই এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া কার্যকর হবে।

এটি এ ধরনের সর্বশেষ উদ্যোগ। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে অন্তত ১০টি বিল নিবন্ধিত হয়েছে। তবে একটিও পার্লামেন্টের মূল অধিবেশনে ভোটাভুটির পর্যায়ে পৌঁছায়নি।

এনপিটি ছাড়ার আলোচনা শুরু হয় ২০২০ সালের জানুয়ারিতে। ওই সময় ইরানের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) নিয়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া চালু করে ইউরোপের তিন দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই৩)। এর পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সতর্ক করে বলেছিলেন, দেশটির পারমাণবিক বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হলে ইরান এনপিটি ছাড়বে।

২০২৫ সালের জুনে যুদ্ধের পর আবারও এ হুমকি সামনে আসে। একই বছরের সেপ্টেম্বরে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এক পার্লামেন্ট সদস্য দাবি করেন, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং ভোটের জন্য প্রস্তুত।

২০২৬ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পুনরায় শুরু হলে মালেক শরিয়তি তিন ধাপের জরুরি প্রক্রিয়ায় একটি বিল উত্থাপন করেন। এর ছয় মাস পর সাবেক ৩২ কর্মকর্তা একটি খোলা চিঠিতে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান।

কিন্তু প্রতিটি উদ্যোগই থমকে গেছে। এক পার্লামেন্ট সদস্য অভিযোগ করেছিলেন, গত বছর পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ড বিলটি আটকে দিয়েছিল। অন্যদিকে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কখনোই এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে আনুষ্ঠানিক সমর্থন দেয়নি।

চলতি সপ্তাহের শুরুতে ইরান এনপিটি ছাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি।’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহর মোত্তাকি এনপিটি ছাড়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা অনুমোদন দিলে পার্লামেন্টের ২৯০ সদস্যই এ প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। তার বক্তব্যে ইরানের রাজনৈতিক বাস্তবতার একটি দিক স্পষ্ট হয়েছে—পার্লামেন্টে এ নিয়ে হুমকি ও প্রস্তাব উঠলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য জায়গায়।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনে বিধিনিষেধ আরোপের কারণে এনপিটি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার বিষয়টির তাৎপর্যও জটিল হয়ে উঠেছে।

২০২৫ সালের জুনে বোমা হামলার পর থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের প্রায় অস্ত্র-উপযোগী পর্যায়ের ইউরেনিয়ামের মজুত যাচাই করতে পারেনি। এর আগে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল। আরও সমৃদ্ধকরণ ও অস্ত্র তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হলে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব হতে পারে বলে তিনি উল্লেখ করেছিলেন।

ইতোমধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির বড় একটি অংশে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত। এ অবস্থায় এনপিটি থেকে বেরিয়ে গেলেও তাৎক্ষণিকভাবে নজরদারির পরিস্থিতিতে খুব বেশি পরিবর্তন নাও আসতে পারে। তবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়া হবে আন্তর্জাতিক আইন ও কূটনীতির ক্ষেত্রে বড় ধরনের বিচ্ছেদ।

এমনকি এনপিটি ছাড়ার বিরোধিতা করা ইরানের কিছু রাজনীতিকও মনে করেন, আন্তর্জাতিক পরিদর্শন ছাড়াই চুক্তির সদস্য থাকা উচিত। তেহরানের পার্লামেন্ট সদস্য মোহাম্মদ সেরাজের যুক্তি, আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকার না দিলেও ইরানের এনপিটির সদস্যপদ বজায় রাখা উচিত।

সেরাজ সংবাদমাধ্যম খবারঅনলাইনকে বলেন, এনপিটি থেকে বেরিয়ে গেলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে—এমন বার্তা যাবে। এতে দেশটি ‘বন্ধুদের হারাবে’। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন—তিন দেশই ইরানের এমন পদক্ষেপের বিরোধী।

সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি জামারানকে বলেন, এনপিটি ছাড়ার পক্ষের লোকেরা বুঝতে পারছেন না, এ পদক্ষেপ ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে কতটা সাংঘর্ষিক। তার মতে, বিষয়টি নিয়ে আলোচনাও যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে।

সাবেক পার্লামেন্ট সদস্য হেশমাতুল্লাহ ফালাহাতপিশেহর যুক্তি, এনপিটি ছাড়লে পারমাণবিক কর্মসূচির কিছু অংশ আড়াল করা সম্ভব হতে পারে, কিন্তু এতে জাতীয় স্বার্থের কোনো বাস্তব সুবিধা নেই।

এতেমাদ-এ মিল্লি পার্টির ইসমাইল গেরামি মোকাদ্দাম বিলটিকে একটি ফাঁদ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এ ধরনের উদ্যোগ ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগকে আরও শক্তিশালী করবে।

জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বাখশায়েশ আরদেস্তানির আপত্তি মূলত সময় নিয়ে। তার মতে, পারমাণবিক অস্ত্র অর্জনের পরই ইরানের এনপিটি ছাড়ার কথা বিবেচনা করা উচিত। আগে থেকেই চুক্তি ছাড়ার ঘোষণা দিলে কোনো প্রতিরোধক্ষমতা অর্জন ছাড়াই এর কূটনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হবে।

তবে ইরানের কট্টরপন্থী রাজনৈতিক ও গণমাধ্যম মহলে চুক্তি ছাড়ার দাবিও জোরালো।

দেশটির সর্বোচ্চ নেতার নিয়োগ দেওয়া কট্টরপন্থী দৈনিক কায়হানের প্রধান সম্পাদক হোসেইন শরিয়াতমাদারি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর দেশটির আর এনপিটিতে থাকার কোনো কারণ নেই।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমের অবস্থান, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা নয়; বরং আইএইএর পরিদর্শনের আড়ালে পরিচালিত কথিত ‘গুপ্তচরবৃত্তি’ বন্ধ করা।

অতি রক্ষণশীল পায়দারি ফ্রন্টও এনপিটি ছাড়ার আহ্বান জানিয়েছে। সম্প্রতি বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) এনপিটিতে ইরানের সদস্যপদ এবং দেশটির প্রতিরক্ষা নীতি পর্যালোচনাকে ‘অনিবার্য প্রয়োজন’ বলে বর্ণনা করেছে।

শুক্রবারের জুমার খুতবা, রাষ্ট্রীয় টেলিভিশন ও এক্সপেডিয়েন্সি কাউন্সিল থেকেও এখন এনপিটি ছাড়ার দাবি উঠছে। কিন্তু এসব উদ্যোগের কোনোটিই প্রয়োজনীয় রাজনৈতিক অনুমোদন পায়নি।

আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অন্যতম প্রধান যুক্তি হলো, দেশটি আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা অবস্থায় তার পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে। এনপিটি থেকে বেরিয়ে গেলে এই যুক্তির শক্তি কমে যাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগের পক্ষে অবস্থান নেওয়া সহজ হবে।

এ পদক্ষেপের ফলে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গেও ইরানের সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। রাশিয়ার ক্রেমলিন প্রকাশ্যেই এনপিটি থেকে ইরানের বেরিয়ে যাওয়ার বিরোধিতা করেছে।

এনপিটির নিয়ম অনুযায়ী, চুক্তি থেকে বেরিয়ে যেতে হলে তিন মাস আগে আনুষ্ঠানিক নোটিশ দিতে হয়। এমন ঘোষণা দিলে ইরানের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক পদক্ষেপ নেওয়ার চাপ অনুভব করতে পারে।

এ ছাড়া এনপিটি ছাড়লে কূটনৈতিক সমঝোতা এবং নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনাও আরও কঠিন হয়ে উঠতে পারে।

ইরান এরই মধ্যে জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তেল অবরোধের মুখে রয়েছে। গ্রীষ্মকালে দেশটির উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি ১২০ শতাংশে পৌঁছেছিল। একই সময়ে ত্রৈমাসিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঋণাত্মক ১৪ শতাংশ বলে অনুমান করা হয়েছে। আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়লে চাপের মুখে থাকা অর্থনীতির সংকট আরও বাড়তে পারে।

সব মিলিয়ে রাইসির উত্থাপিত বিলকে ইরানের পারমাণবিক স্থাপনায় ভবিষ্যৎ হামলা ঠেকানোর একটি প্রচেষ্টা এবং পার্লামেন্টের অভ্যন্তরীণ রাজনৈতিক গোষ্ঠীগুলোর লড়াইয়ের হাতিয়ার হিসেবে দেখা যেতে পারে। এটিকে এখনই এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সুস্পষ্ট রূপরেখা বলা যাচ্ছে না।

বারবার উদ্যোগ নেওয়া হলেও ইরানের চুক্তিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বরং এনপিটি ছাড়লে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হবে, নাকি আরও দুর্বল হবে—তা নিয়ে ইসলামি প্রজাতন্ত্রের ভেতরের মতপার্থক্য প্রকাশ পেয়েছে।

এ হুমকির গুরুত্ব এখন শুধু প্রতিপক্ষকে নিবৃত্ত করার ক্ষমতায় সীমাবদ্ধ নয়। বরং যে সংঘাত ঠেকানোর কথা বলে এনপিটি ছাড়ার পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, সেই পদক্ষেপই শেষ পর্যন্ত নতুন সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত