সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা দাবি, প্রতারক চক্র থেকে সতর্ক করলো মন্ত্রণালয়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনকল, মেসেজসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। এ সময় বিভিন্ন নম্বর থেকে টাকা চাওয়া হচ্ছে।

এ ধরনের প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কোনো অবস্থাতেই যাচাই ছাড়া আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের ব্যবহৃত দুটি নম্বর উল্লেখ করা হয়েছে। নম্বর দুটি হলো- +৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮।

মন্ত্রণালয় সবাইকে এ ধরনের ফোনকল, মেসেজ ও আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত