বাইপাইলে ছাত্রী হেনস্তার অভিযোগ 

ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকে ঢাবিতে নিয়ে গেলেন শিক্ষার্থীরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে অর্ধেক ভাড়া নিয়ে বিরোধের জেরে অসদাচরণ ও হেনস্তার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের বাইপাইলগামী একটি বাসে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) সকালে নীলক্ষেত মোড় থেকে ঠিকানা পরিবহনের ২৩ থেকে ২৪টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর ক্ষমা প্রার্থনা, মুচলেকা এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে বাসগুলো নীলক্ষেতের গণতন্ত্র তোরণ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়। পরে সেগুলো হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে রাখা হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদ তুহিন বলেন, ভুক্তভোগী নারী শিক্ষার্থী (ছাত্রী) তাদের বন্ধু। শুক্রবার সিটি কলেজ থেকে সাভারের বাইপাইল যাওয়ার পথে ঠিকানা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দেওয়া নিয়ে তার সঙ্গে কর্মীদের বিরোধ হয়। শুক্রবার হাফ ভাড়া নেওয়া হবে না এমন আপত্তি তোলেন তারা। পরে শিক্ষার্থী পূর্ণ ভাড়া পরিশোধ করলেও বাস থেকে নামার সময় তার সাথে অসদাচরণ করা হয়।

তুহিন বলেন, বিষয়টি জানার পর শিক্ষার্থীরা শনিবার সকালে নীলক্ষেত মোড় থেকে ঠিকানা পরিবহনের বাসগুলো আটক করে মুহসীন হলের মাঠে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল টিম তাদের সঙ্গে যোগাযোগ করে এবং মালিকপক্ষের প্রতিনিধিদের ডেকে আলোচনা করে। আলোচনায় মালিকপক্ষ ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের দেওয়া দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। মালিকপক্ষ সেই দাবিতে সম্মতি দিয়েছে। দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। এসব আশ্বাসের পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, শিক্ষার্থীরা বাসগুলো আটক করে ক্যাম্পাসে নিয়ে এলেও এ সময় কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে ডেকে আলোচনা করে। আলোচনায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে পরিবহন মালিকপক্ষকে আশ্বস্ত করা হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মুচলেকা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে নেওয়া হবে। পরে পরিবহন মালিকপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে আবারও আলোচনা করা হবে। 

জেএম
আরও পড়ুন