একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চেষ্টা পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি আরও বলেন, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।  

জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি বলেন, এটি বাংলাদেশকে কোনো সুবিধা দেবে না, বরং এর মাধ্যমে অতীতের ফ্যাসিবাদীরা সুযোগ পাবে।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন এবং জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে। 

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করার ঘোষণাও দেন তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা বসব তবে জনগণের দাবি নিয়ে আমাদের দলের দাবি নিয়ে নয়।’ তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাতে আদালত হাত দিতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নারী, শিশু ও আমাদের মা বোনেরা নিরাপদ নয়। সারা দেশে মাদকের ঝনঝনানিতে সয়লাব। স্কুলের গেটে ও ভেতরে মাদক বিক্রি হয়। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ।’ পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে তিনি বলেন, ‘পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সরকার শিল্প মালিকদের।’

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত