খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে পাঁচ প্রতিষ্ঠান তালিকাভুক্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

আদালতের বাইরে ঋণগ্রহীতা ও ব্যাংকের মধ্যে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের পথ সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া দ্রুত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুদহুদ সলিউশনস, লবিয়িং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি, মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালট্যান্সি এবং সিটিজেনস অলটারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ঋণদাতা ব্যাংক, ঋণগ্রহীতা এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এ প্রক্রিয়া পরিচালিত হবে। অর্থঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী মামলা দায়েরের আগেই খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ থাকবে। এমনকি যেসব ঋণসংক্রান্ত মামলা ইতোমধ্যে অর্থঋণ আদালতে বিচারাধীন রয়েছে, সেগুলোও এ পদ্ধতিতে নিষ্পত্তি করা যাবে। তবে এ ক্ষেত্রে ঋণগ্রহীতা ও ঋণদাতা উভয় পক্ষের পাশাপাশি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের লিখিত সম্মতি প্রয়োজন হবে।

বাংলাদেশ ব্যাংক গত ২০ আগস্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির নীতিমালা জারি করে। পরে ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এতে মোট ২৩টি প্রতিষ্ঠান আবেদন করে। যাচাই-বাছাই শেষে ন্যূনতম যোগ্যতা পূরণকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে ঋণসংক্রান্ত বিরোধ দ্রুত মীমাংসা করা সম্ভব হবে। এতে খেলাপি ঋণ আদায়ের প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার পাশাপাশি ব্যাংক ও ঋণগ্রহীতার সময় ও ব্যয় কমতে পারে।

উল্লেখ্য, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০০ কোটি টাকা। জুন শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫০ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৫০ কোটি টাকা। একই সময়ে মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮ শতাংশে। জুন শেষে এ হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত