ক্রেডিট কার্ড এখন কেনাকাটা, চিকিৎসা, ভ্রমণ কিংবা জরুরি প্রয়োজনে অর্থ পরিশোধের সহজ মাধ্যম। মাসের শেষে বিল পরিশোধের সুযোগ থাকায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি খরচ করে ফেলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে না পারলে এই সুবিধাই একসময় বড় আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।
বিল বকেয়া থাকলে সুদ ও বিলম্ব ফি দিতে হয়। ন্যূনতম পাওনা পরিশোধ না করলে ব্যাংক হিসাবটিকে খেলাপি বা বকেয়া হিসেবে বিবেচনা করতে পারে এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) তথ্য পাঠাতে পারে। দীর্ঘদিন অনাদায়ী থাকলে কার্ড ব্যবহারের সুযোগ বন্ধ হওয়া, ঋণ আদায়ের উদ্যোগ এবং আইনি পদক্ষেপের ঝুঁকিও তৈরি হয়।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ১৫ মার্চ জারি করা ক্রেডিট কার্ড পরিচালনা নির্দেশিকায় এসব বিষয়ে স্পষ্ট নিয়ম রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের বকেয়া অর্থের ওপর কার্যকর বার্ষিক সুদের হার সর্বোচ্চ ২৫ শতাংশ হতে পারবে। তবে সুদ পুরো বিলের ওপর নয়, পরিশোধ না করা বকেয়া অর্থের ওপর হিসাব করতে হবে।
নির্ধারিত তারিখের পরদিন থেকে বকেয়া অর্থের ওপর সুদ আরোপ করা যাবে। অর্থাৎ, কেনাকাটার দিন থেকেই সুদ হিসাব করার সুযোগ নেই। তবে এটিএম থেকে নগদ টাকা তুললে সুদমুক্ত সময়সুবিধা প্রযোজ্য নাও হতে পারে।
ধরা যাক, কোনো গ্রাহকের ক্রেডিট কার্ডে ১ লাখ টাকা বিল হয়েছে। নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না করলে অবশিষ্ট পাওনার ওপর ব্যাংকের নির্ধারিত সুদ প্রযোজ্য হবে। ব্যাংকভেদে সুদের হার ও হিসাবের পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে তা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না।
এ ছাড়া বিলম্বে পরিশোধের জন্য ব্যাংক প্রতি পেমেন্ট পিরিয়ডে একবার বিলম্ব ফি নিতে পারবে। এই বিলম্ব ফি আবার সুদ হিসাবের মূল বকেয়ার সঙ্গে যোগ করা যাবে না।
ক্রেডিট কার্ডের বিলে সাধারণত দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে—মোট বিল এবং ন্যূনতম পরিশোধযোগ্য অর্থ বা ‘মিনিমাম অ্যামাউন্ট ডিউ’।
গ্রাহক নির্ধারিত তারিখের মধ্যে ন্যূনতম পাওনা পুরোপুরি পরিশোধ করলে হিসাবটি ওই কারণে বকেয়া হিসেবে গণ্য হবে না। তবে এতে মোট বিলের দায় শেষ হয়ে যায় না। বাকি অর্থ পরবর্তী সময়ে বহন করতে হয় এবং তার ওপর সুদ আরোপ হতে পারে।
ধরা যাক, একজন গ্রাহকের মোট বিল ৫০ হাজার টাকা। ব্যাংকের বিবরণীতে ন্যূনতম পরিশোধযোগ্য অর্থ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। তিনি নির্ধারিত সময়ে ৫ হাজার টাকা পরিশোধ করলে ন্যূনতম পাওনা পরিশোধের শর্ত পূরণ হবে। কিন্তু বাকি ৪৫ হাজার টাকা তার দায় হিসেবেই থাকবে।
তাই শুধু ন্যূনতম বিল পরিশোধ করে নিয়মিত কেনাকাটা চালিয়ে গেলে ঋণের বোঝা দীর্ঘদিন ধরে বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকগুলোকে বিলের বিবরণীতে শুধু ন্যূনতম অর্থ পরিশোধের পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দিতে বলা হয়েছে।
ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করার অন্যতম বড় ঝুঁকি হলো ক্রেডিট ইতিহাস ক্ষতিগ্রস্ত হওয়া।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিলের বিবরণীতে উল্লেখ করা ন্যূনতম পরিশোধযোগ্য অর্থ নির্ধারিত তারিখের মধ্যে পুরোপুরি পরিশোধ না হলে ক্রেডিট কার্ড হিসাবটি বকেয়া হিসেবে গণ্য হবে। এ ধরনের হিসাবের তথ্য সিআইবিতে পাঠাতে হবে।
সিআইবির তথ্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বা ক্রেডিট কার্ড দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাইয়ে ব্যবহার করে। ফলে কোনো ব্যক্তির ক্রেডিট কার্ডের বিল দীর্ঘদিন বকেয়া থাকলে ভবিষ্যতে নতুন ঋণ, ক্রেডিট কার্ড কিংবা অন্যান্য ব্যাংকিং সুবিধা পেতে সমস্যা হতে পারে।
অর্থাৎ, সাময়িক আর্থিক সংকটের কারণে একটি কার্ডের বিল পরিশোধ করতে না পারার প্রভাব ভবিষ্যতের আর্থিক লেনদেনেও পড়তে পারে।
দীর্ঘদিন বিল পরিশোধ না করলে ব্যাংক গ্রাহকের কার্ড ব্যবহারের সুযোগ সীমিত বা বন্ধ করতে পারে। এতে নতুন কেনাকাটা, অনলাইন পেমেন্ট কিংবা অন্যান্য লেনদেন করা সম্ভব হবে না।
ব্যাংক প্রথমে গ্রাহককে বিল পরিশোধের কথা জানাতে পারে। এরপর বকেয়া পরিস্থিতি দীর্ঘায়িত হলে কার্ড ব্লক বা বাতিল করার মতো পদক্ষেপ নিতে পারে। তবে ঠিক কত দিন পর কোন ব্যবস্থা নেওয়া হবে, তা ব্যাংকের নীতিমালা, চুক্তির শর্ত ও প্রযোজ্য বিধিবিধানের ওপর নির্ভর করে।
কার্ড বন্ধ হয়ে গেলেও আগের বকেয়া অর্থ পরিশোধের দায় শেষ হয় না। সুদ, প্রযোজ্য ফি এবং অন্যান্য বৈধ পাওনা পরিশোধ করতে হবে।
হ্যাঁ, দীর্ঘদিন ক্রেডিট কার্ডের পাওনা পরিশোধ না করলে ব্যাংক আইনসম্মত উপায়ে অর্থ আদায়ের উদ্যোগ নিতে পারে। গ্রাহককে লিখিত নোটিশ দেওয়া, পাওনা পরিশোধের অনুরোধ জানানো এবং প্রয়োজন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া এর মধ্যে থাকতে পারে।
তবে শুধু ক্রেডিট কার্ডের বিল বকেয়া থাকলেই কাউকে স্বয়ংক্রিয়ভাবে গ্রেপ্তার করা যায়—বিষয়টি এমন নয়। ঋণ আদায়ের দেওয়ানি প্রক্রিয়া এবং চেক প্রত্যাখ্যানের মতো পৃথক ফৌজদারি আইনি বিষয় এক নয়।
কোনো গ্রাহক ব্যাংককে দেওয়া চেকের মাধ্যমে পাওনা পরিশোধের চেষ্টা করলে এবং সেই চেক অপর্যাপ্ত অর্থের কারণে প্রত্যাখ্যাত হলে, পরিস্থিতি অনুযায়ী নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার প্রশ্ন আসতে পারে। তবে এ ধরনের আইনি প্রক্রিয়ার জন্য আইনের নির্ধারিত শর্ত পূরণ করতে হয়।
সুতরাং, বিল বকেয়া থাকলেই গ্রেপ্তার বা কারাদণ্ড হবে—এমন ধারণা সঠিক নয়। তবে পাওনা আদায়ের আইনি প্রক্রিয়া এড়ানোর সুযোগও নেই।
অনেক গ্রাহকের অভিযোগ, ক্রেডিট কার্ডের বিল বকেয়া হলে ব্যাংকের আদায়কারী বা রিকভারি এজেন্ট ফোন করে চাপ সৃষ্টি করেন। কখনো পরিবারের সদস্য কিংবা পরিচিত ব্যক্তিদের কাছেও যোগাযোগ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের নির্দেশিকায় এ বিষয়ে গ্রাহকের অধিকার স্পষ্ট করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বকেয়া আদায়ের জন্য গ্রাহক বা তাঁর পরিবারের সদস্য, পরিচিত ব্যক্তি কিংবা রেফারেন্সদাতাকে মৌখিক বা শারীরিকভাবে হয়রানি কিংবা হুমকি দেওয়া যাবে না। তাঁদের ব্যক্তিগত গোপনীয়তায়ও হস্তক্ষেপ করা যাবে না।
এ ছাড়া বকেয়া আদায়ের জন্য ফোনকল ও সরাসরি যোগাযোগ করতে হবে স্বাভাবিক অফিস সময়ের মধ্যে। ব্যাংকের আদায়সংক্রান্ত চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তার পদবি, যোগাযোগের নম্বর ও অফিসের ঠিকানা উল্লেখ থাকতে হবে।
অর্থাৎ, গ্রাহকের পাওনা পরিশোধের দায় থাকলেও ব্যাংক বা আদায়কারী প্রতিষ্ঠান ইচ্ছামতো ভয়ভীতি দেখাতে কিংবা অপমানজনক আচরণ করতে পারে না।
কোনো কারণে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা সম্ভব না হলে বিষয়টি এড়িয়ে না গিয়ে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা উচিত। এ ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে—
১. ব্যাংককে আগেই জানান: নির্ধারিত তারিখে বিল পরিশোধ করতে না পারলে ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগে যোগাযোগ করে আর্থিক সমস্যার কথা জানান।
২. ন্যূনতম পাওনা পরিশোধের চেষ্টা করুন: পুরো বিল দেওয়া সম্ভব না হলে অন্তত ন্যূনতম পরিশোধযোগ্য অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের চেষ্টা করুন। এতে হিসাব বকেয়া হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি এড়ানো যায়, যদিও অবশিষ্ট অর্থের ওপর সুদ প্রযোজ্য হতে পারে।
৩. কিস্তিতে পরিশোধের সুযোগ জানুন: ব্যাংকের কাছে বকেয়া অর্থ কিস্তিতে পরিশোধ বা অন্য কোনো গ্রহণযোগ্য সমাধানের সুযোগ আছে কি না জানতে চান। এ ধরনের সুবিধা ব্যাংকের নীতি ও অনুমোদনের ওপর নির্ভর করে।
৪. নতুন খরচ বন্ধ রাখুন: আগের বিল পরিশোধের ব্যবস্থা না করে কার্ড দিয়ে নতুন কেনাকাটা করলে আর্থিক চাপ আরও বাড়তে পারে।
৫. বিল ও লেনদেন যাচাই করুন: কোনো ভুল লেনদেন বা অতিরিক্ত চার্জ থাকলে ব্যাংকের কাছে লিখিত অভিযোগ জানান। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিল নিয়ে আপত্তি জানালে ব্যাংককে সর্বোচ্চ ৩০ ক্যালেন্ডার দিনের মধ্যে ব্যাখ্যা ও প্রয়োজনীয় প্রমাণ দিতে হবে।
৬. হয়রানির শিকার হলে অভিযোগ করুন: ব্যাংক বা আদায়কারী প্রতিষ্ঠানের কেউ হুমকি, হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করলে প্রথমে ব্যাংকের অভিযোগ ব্যবস্থায় লিখিত অভিযোগ জানান। সমাধান না হলে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক অভিযোগ ব্যবস্থায় অভিযোগ করা যেতে পারে।
ক্রেডিট কার্ডের বিল পরিশোধের তারিখ নির্ধারণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। কোনো বিলের শেষ তারিখ শুক্রবার, শনিবার বা সরকারি ও ব্যাংক ছুটির দিনে পড়লে পরবর্তী কর্মদিবসে অর্থ পরিশোধের সুযোগ দিতে হবে।
এছাড়া ব্যাংককে প্রতি মাসের শেষে গ্রাহকের কাছে বিলের বিবরণী পাঠাতে হবে। সেখানে মোট পাওনা, ন্যূনতম পরিশোধযোগ্য অর্থ, সুদের হার, বিলম্ব ফি, পরিশোধের শেষ তারিখ এবং অর্থ পরিশোধের পদ্ধতি উল্লেখ থাকতে হবে। বিলিং বিবরণী পাওয়ার পর সুদ আরোপের আগে অন্তত ১৪ দিন সময় দেওয়ার বিধানও রয়েছে।
ক্রেডিট কার্ড মূলত সুবিধাজনক লেনদেনের মাধ্যম, অতিরিক্ত আয়ের উৎস নয়। নিজের আয় ও পরিশোধের সক্ষমতা বিবেচনা না করে অতিরিক্ত খরচ করলে একসময় বিল পরিশোধ করাই কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের সাধারণ আর্থিক পরামর্শ হলো, ক্রেডিট কার্ডে এমন পরিমাণ খরচ করা উচিত, যা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা সম্ভব। সম্ভব হলে প্রতি মাসে পুরো বিল পরিশোধ করতে হবে। শুধু ন্যূনতম অর্থ দিয়ে দায় সামাল দেওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যয় বাড়াতে পারে।
মনে রাখতে হবে, ক্রেডিট কার্ডের সুবিধা যেমন আছে, তেমনি রয়েছে আর্থিক দায়ও। সময়মতো বিল পরিশোধ, সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনের বাইরে খরচ না করাই ঋণের ফাঁদ থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।
ভেজাল স্বর্ণের ঝুঁকিতে বিশ্ববাজার: যেভাবে চলছে জালিয়াতি
এনপিটি ছাড়ার হুমকি ইরানের, ৬ বছরেও সংসদে পাস হয়নি কোনো প্রস্তাব
ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা: আখলাঘি
ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান