ভোলা প্রতিনিধি: ভোলার ইলিশায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব কাজির চর গ্রামের বুলু আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মামা জয়নাল আকন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের নাম- ঝর্ণা (৫) ও সোহেল (২)।
জয়নাল আকন জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তারা হাত-মুখ ধুতে বাড়ির পাশের পুকুরে যায়। এ সময় পা পিছলে তারা দুজনেই পুকুরে পড়ে ডুবে যায়। পুকুর থেকে তাদের ফিরে আসতে দেরি হওয়ায় মা ডেকে আনতে যায়। তিনি পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন ঝর্ণা ও সোহেলের জুতা পুকুরে ভাসছে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। তাৎক্ষণিক তিনি পুকুরে নেমে তাদেরকে খোঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের উত্তর কোনায় সোহেলের মরদেহ ভেসে ওঠে এরপর তার কাছেই ঝর্ণার মরদেহটি ভেসে ওঠে।
পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে লাহারহাট ফেরিঘাট পর্যন্ত গিয়ে পুনরায় ভোলার নিজ গ্রামে ফিরে আসে। কারন তারা নিশ্চিত হয় যে ঝর্না ও সোহেল বেঁচে নেই।
এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এসআই মো. গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, এ ঘটনা পুলিশকে কেউ জানায়নি। তবে আমরা খোঁজ নিয়ে দেখছি।

