১০ বীমা কোম্পানিকে ৫৩ লাখ টাকা জরিমানা 

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৬:৪১ পিএম

দশটি নন-লাইফ বীমা কোম্পানিকে জরিমানা করেছে এ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অতিরিক্ত ব্যয় ও সরকারি সিকিউরিটিজে নির্ধারিত পরিমাণ বিনিয়োগ না করায় এ জরিমানা করা হয়েছে।

আইডিআরএ’র ওয়েবসাইটে প্রকাশিত ‘জরিমানা সংক্রান্ত তথ্য ২০২৪’ শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয় পরিবীক্ষণ শাখা এই তথ্য প্রকাশ করেছে।

জানা যায়, ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করায় ৭টি কোম্পানিকে মোট ৩৩ লাখ টাকা। সরকারি সিকিউরিটিজে নির্ধারিত পরিমাণ বিনিয়োগ না করায় ৪টি কোম্পানিকে আরও ২০ লাখ টাকাসহ মোট ৫৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আইডিআরএ জানায়, নন-লাইফ বীমা খাতের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয়ের প্রকৃত অবস্থা জানতে ২০২২ সালে কোম্পানিগুলোর অফিস পরিদর্শন করে কর্তৃপক্ষের পরিদর্শন দল। এতে বেশ কয়েকটি কোম্পানির অতিরিক্ত ব্যয়সহ নানা অনিয়মের চিত্র উঠে আসে।

পরবর্তীতে এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষে দ্বিপক্ষীয় শুনানি হয়। এরপর জরিমানা করা হয়। ইতোমধ্যে ৯টি কোম্পানি জরিমানার টাকা পরিশোধও করেছে। একটি কোম্পানি জরিমানা পরিশোধের জন্য সময় চেয়েছে।

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করে জরিমানা দেওয়া বীমা কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য অনুযায়ী, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে ২ লাখ টাকা, পিপলস ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এই কোম্পানিগুলো ইতিমধ্যে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডকেও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।তবে এই কোম্পানিটি এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। কোম্পানি কর্তৃপক্ষ এই অর্থ পরিশোধের জন্য সময় চেয়েছে।

আর সরকারি সিকিউরিটিজে আবশ্যিক ৭ দশমিক ৫০ শতাংশ বিনিয়োগ না করায় ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স, ঢাকা মেঘনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্সকে।

ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করা ও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের শর্ত পূরণ না করে সর্বোচ্চ ৮ লাখ টাকার জরিমানা দিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

MN/AST
আরও পড়ুন