বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে: প্রণয় ভার্মা

‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী।’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক।’

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। বিকেল ৪টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।

পরে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী।’

সং‌শ্লিষ্টরা জানিয়েছেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় মঙ্গলবার বিকালে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়।

খবরে প্রকাশ, আগরতলায় সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশের ভিসা অফিসের সামনে থেকে হিন্দু সংঘর্ষ সমিতির আন্দোলনকারীরা আচমকা নিরাপত্তা বলয় ভেঙে বাংলাদেশের কূটনৈতিক কেন্দ্রে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়।  বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠনটি এই হামলা চালায়।

MN
আরও পড়ুন