মালয়েশিয়ায় অবৈধদের বৈধতার অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ এএম

বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে মালয়েশিয়া বৈধতা হারানো প্রবাসী বাংলাদেশীদের বৈধতা দেয়ার জন্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে আহ্বান জানিয়েছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী।

সোমবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের সময় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেছেন, ‘মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দিন দিন আরো উষ্ণ ও সুদৃঢ় হচ্ছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ইফতার মাহফিলে কূটনীতিকদের সাথে পরিচয়পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশী কর্মীদের বৈধতার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি মানবিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হাইকমিশনার বলেন, ‘মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশীরা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সুরক্ষা, অধিকার ও বৈধতা নিশ্চিত করা হলে তা দুই দেশের সম্পর্ককে আরো সুসংহত করবে। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পারস্পরিক আলোচনার মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

অনুষ্ঠানে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে মতবিনিময় হয়।

HN
আরও পড়ুন