আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ইরানের জাতীয় দলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঘটনায় অভিনন্দন জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ১৯তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে পাঁচটি স্বর্ণপদক জিতে টানা তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ইরানি শিক্ষার্থীদের প্রশংসা করেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, পাঁচটি স্বর্ণপদক জয়ের এই গর্বের অর্জন ইরানের জন্য গুরুত্বপূর্ণ সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন বৈজ্ঞানিক প্রতিযোগিতায় ইরানের তরুণদের সক্ষমতা ও দক্ষতার উজ্জ্বল প্রমাণ এই সাফল্য বলেও উল্লেখ করেন তিনি।
গালিবাফ বলেন, টানা তৃতীয়বার এই সাফল্য অর্জিত হয়েছে তরুণ শিক্ষার্থী ও প্রশিক্ষকদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, প্রশিক্ষণ ও অধ্যবসায়ের মাধ্যমে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পতাকাকে সর্বোচ্চ বৈজ্ঞানিক পর্যায়ে তুলে ধরায় তাদের প্রশংসা করেন তিনি।
২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হয় ১৯তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। এতে ৬৬টিরও বেশি দেশের ৩২০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
ইরানের হয়ে পাঁচটি স্বর্ণপদক জিতেছেন সারিনা এলমপুর, মোহাম্মদ-হোসেইন হোসেইনি, হিরবোদ ফুদাজি, হোসেইন মাসুমি এবং আরশিয়া মিরশামসি-কাখাকি।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা। জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও জ্ঞান বিনিময় জোরদার করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। সূত্র: মেহর নিউজ এজেন্সি