রাশিয়ার সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলের একটি ল্যাবরেটরির এক নারী কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, "রাশিয়ার ইরকুটস্ক ওব্লাস্টে প্লেগের সন্দেহভাজন একটি মৃত্যুর খবর সম্পর্কে আমরা অবগত আছি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং অন্যান্য আন্তঃসংস্থা অংশীদারদের সঙ্গে নিয়ে আমরা পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
ওই কর্মকর্তা আরও বলেন, "অনেক তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আমরা রুশ কর্তৃপক্ষকে দ্রুত ও খোলামেলাভাবে সঠিক তথ্য শেয়ার করার আহ্বান জানাচ্ছি।"
বুরিয়াত অঞ্চলের গভর্নর আলেক্সি সিসেনভ গত ৩ অক্টোবর তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানান, প্রতিবেশী ইরকুটস্ক অঞ্চলে এক নারী "সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন"।
এদিকে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস (TASS) জানিয়েছে, রাশিয়ার উপভোক্তা অধিকার সংক্রান্ত সংস্থা 'রস্পোত্রেবনাদজর' (Rospotrebnadzor)-এর এক বিবৃতিতে বলা হয়েছে—সাইবেরিয়া ও দূরপ্রাচ্যের ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটের এক কর্মীর শরীরে "অজানা ইটিওলজির নিউমোনিয়া" শনাক্ত হয়েছিল।
সংস্থাটি আরও জানায়, রোগীর নমুনা পরীক্ষা করে তার পেশাগত কাজের সঙ্গে জড়িত কোনো অণুজীবের উপস্থিতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, নিউমোনিক প্লেগ হলো ইয়ের্সিনিয়া পেস্টিস (Yersinia pestis) নামক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী এবং সেগুলোর গায়ের চিতে দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এই রোগ অত্যন্ত সংক্রামক এবং সময়মতো চিকিৎসা না করালে এটি মারাত্মক বা প্রাণঘাতী হতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া ওই নারীর নাম দারিয়া শিপিলোভা (২৮), যিনি পেশায় একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের কর্তৃপক্ষ এই ঘটনার পর প্রায় ২০০ জনকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রেখেছে।
সূত্র: আল-জাজিরা
নিরাপদ নগর গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৫০০ স্কুল