রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিন (৪৮) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মেরাদিয়া বাজার সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ঘাতক প্রাইভেট কারটি জব্দ এবং এর চালককে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহিন রিকশা চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

DR/SN
আরও পড়ুন