জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীর ব্যস্ত সড়কে দেখা গেল এক ভিন্নধর্মী দৃশ্য। আধুনিক ইঞ্জিনচালিত টহল গাড়ির ভিড়ে সারিবদ্ধভাবে অগ্রসর হচ্ছিলেন অশ্বারোহী পুলিশ সদস্যরা। শৃঙ্খলা আর আভিজাত্যের মিশেলে এই অশ্বারোহী টহল নগরবাসীর দৃষ্টি কেড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর নিউ ইস্কাটন রোডে চার থেকে পাঁচ সদস্যের একটি অশ্বারোহী দলকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধীরগতিতে টহল দিতে দেখা যায়। লাল আচ্ছাদনে মোড়ানো ঘোড়া, তাতে পুলিশের প্রতীকচিহ্ন ও ইউনিটের নাম, এবং মাথায় হেলমেট পরিহিত সদস্যদের এই সুশৃঙ্খল উপস্থিতি সড়কে এক বিশেষ আবহ তৈরি করে।
ঘোড়াগুলোর পায়ে ছিল রঙিন ব্যান্ড এবং গায়ে পুলিশের মনোগ্রাম সংবলিত লাল কাপড়ের কভার। পুরো আয়োজনজুড়ে ছিল কঠোর শৃঙ্খলা ও দীর্ঘ প্রশিক্ষণের ছাপ। সামনের সদস্যের হাতে থাকা পতাকা দলগত চলাচলের সমন্বয় ও সংকেত হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সমান দূরত্ব ও একই গতিতে অগ্রসর হওয়া এই অশ্বারোহী দলটি পুলিশের পেশাদারিত্বের এক অনন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
আধুনিক এই যুগে রাজধানীর রাজপথে ঘোড়ায় চড়ে পুলিশের টহল সচরাচর দেখা যায় না। তাই এই দৃশ্য দেখে পথচারীদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। অনেককে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এই আয়োজন বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
সড়কের পাশে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন এক পথচারী। তিনি বলেন, ‘এটি সত্যিই মনোমুগ্ধকর। যান্ত্রিক শহরে এমন দৃশ্য কেবল সৌন্দর্যই বাড়ায় না, বরং নিরাপত্তার একটি শক্তিশালী বার্তাও পৌঁছে দেয়।’
নির্বাচনি নিরাপত্তার অংশ হিসেবে এই ঐতিহ্যবাহী টহল ব্যবস্থা জনমনে স্বস্তি ও আগ্রহ—উভয়ই তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে ৭০ বছরের বৃদ্ধ
