বাসস্ট্যান্ড, বাজার, মেলা, স্টেডিয়াম কিংবা রাজনৈতিক সমাবেশ মানুষের ভিড়ে ঠাসা জায়গায় হঠাৎ মাথা ঘোরা, বমিভাব, শ্বাসকষ্ট বা অস্বস্তি শুরু হওয়া অস্বাভাবিক নয়। অনেকেই চোখে অন্ধকার দেখে বসে পড়েন। এমন পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, কখনও ঝুঁকিপূর্ণও হতে পারে। তাই ভিড়ের মধ্যে অসুস্থ লাগলে কী করবেন, কেন এমন হয় এবং কীভাবে সতর্ক থাকবেন এসব বিষয়ে সচেতন থাকা জরুরি।
কেন ভিড়ে অসুস্থ লাগে?
বিশেষজ্ঞদের মতে, ভিড়ের মধ্যে শরীর খারাপ লাগার পেছনে একাধিক কারণ থাকতে পারে। অক্সিজেনের ঘাটতি ও অতিরিক্ত গরম পরিবেশ, পানিশূন্যতা, আতঙ্ক বা উদ্বেগ, রক্তচাপের ওঠানামা কিংবা রক্তে শর্করার তারতম্য এসব কারণ মিলেই হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে। শব্দ, তাপ ও মানুষের চাপ মিলে মানসিক চাপও তৈরি করে, যা শরীরের ওপর প্রভাব ফেলে।
হঠাৎ অসুস্থ লাগলে কী করবেন?
এমন পরিস্থিতিতে প্রথমেই শান্ত থাকার চেষ্টা করতে হবে। আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি-
- খোলা জায়গায় সরে যান: সম্ভব হলে ভিড় থেকে সরে বাতাস চলাচল আছে এমন জায়গায় যান। বসার সুযোগ পেলে বসে পড়ুন, কারণ দাঁড়িয়ে থাকলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
- গভীর শ্বাস নিন: চোখ বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। কয়েকবার এভাবে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে আনলে উদ্বেগ কমে ও শরীর স্বাভাবিক হতে শুরু করে।
- পানি পান করুন: অল্প অল্প করে পানি পান করলে পানিশূন্যতা কাটতে সাহায্য করে।
- টাইট পোশাক ঢিলা করুন: গরম বা শ্বাসকষ্ট লাগলে গলার বোতাম, ওড়না বা আঁটসাঁট পোশাক ঢিলা করুন।
- সহায়তা নিন: নিজে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলে আশেপাশের কাউকে জানান। প্রয়োজনে কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক বা চিকিৎসা সহায়তা নিন।
কখন জরুরি চিকিৎসা নেবেন?
কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে। যেমন-
- বুকব্যথা বা তীব্র চাপ অনুভব
- শ্বাস নিতে মারাত্মক কষ্ট
- কয়েক মিনিটের বেশি অজ্ঞান থাকা
- খিঁচুনি হওয়া
- অতিরিক্ত ঘাম ও ফ্যাকাশে হয়ে যাওয়া
- এসব উপসর্গ গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে।
আগে থেকেই কীভাবে সতর্ক থাকবেন?
ভিড়ে যাওয়ার আগে কিছু প্রস্তুতি ঝুঁকি কমাতে সাহায্য করে-
- হালকা ও আরামদায়ক পোশাক পরা
- বাইরে যাওয়ার আগে খেয়ে নেওয়া
- সঙ্গে পানি রাখা
- পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
- রক্তচাপ, ডায়াবেটিস বা উদ্বেগজনিত সমস্যা থাকলে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা
বিশেষজ্ঞরা বলছেন, ভিড় শুধু শারীরিক নয়, মানসিক চাপও তৈরি করে। তাই যাদের ভিড়ে অস্বস্তি হয়, তারা আগে থেকেই পরিকল্পনা করুন কম সময় থাকবেন, নির্গমন পথ চিনে রাখবেন এবং সম্ভব হলে কারও সঙ্গে যাবেন। সচেতনতা ও প্রস্তুতিই এমন পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে বড় উপায়।
হজমের সমস্যা সমাধানে করণীয়
হার্ট অ্যাটাকের ঝুঁকি কাদের বেশি?
বিশ্ব ক্যানসার দিবস আজ 
