ছোটবেলায় বসন্তরোগে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারান জুলেখা খাতুন। এখন তার বয়স ৬০ বছর। ভাবি রাশেদা বেগমকে সঙ্গে নিয়ে তিনি আজ বৃহস্পতিবার ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন।
ঢাকা–১১ আসনের এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন জুলেখা।
জুলেখা খাতুন বলেন, ছোটবেলায় তারা বাবা মারা যান। সাড়ে ৪ বছর আগে মারা যান তার মা। তারা তিন ভাই–বোন ছিলেন। এক ভাই মারা গেছেন। তিনি এই আসনের পশ্চিম হারালদিয়া এলাকায় বড় ভাইয়ের সঙ্গে থাকেন। এর আগেও তিনি ভোট দিয়েছেন।
এবার ভোট দিতে কে সহায়তা করলেন, জানতে চাইলে জুলেখা খাতুন বলেন, তিনি তার ভাবির সঙ্গে কেন্দ্রে আসেন। তার ভাবিই তাকে ভোট দিতে সহায়তা করেন।
সরেজমিনে দেখা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় জুলেখা খাতুনকে ভোট দিতে সারি ধরতে হয়নি। তার হয়ে ব্যালট পেপার সংগ্রহ করেন ভাবি রাশেদা বেগম। দুজন একই সঙ্গে কাপড়েঘেরা গোপন কক্ষে প্রবেশ করেন। ভোট দেওয়া শেষে ব্যালট পেপার রাখেন ব্যালট বক্সে।
ভাবি রাশেদা বলেন, ভোট দিতে তিনি আগেও জুলেখা খাতুনকে কেন্দ্রে নিয়ে এসেছিলেন। আজ একটি রিকশা নিয়ে তারা কেন্দ্রে আসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

