এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান লিখেছেন, ‘গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।’
ভোটারদের উদ্দেশে তিনি উল্লেখ করেন, ‘আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।’

এর আগে সকালে ফেসবুকে আরেক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’
তিনি আরও যোগ করেছেন, ‘আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।’

তারেক রহমান বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টা থেকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে।
নির্বাচন নিরপেক্ষ ও বিতর্কহীন হলে ফলাফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান
