অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আজ মহা আনন্দের দিন, নতুন উৎসবের সূচনা হলো। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আমরা নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করলাম।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘আজ থেকে প্রতিটি পদক্ষেপে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হলো। আমরা যেন এক নতুন জন্মদিন পালন করছি এবং সারাদিনব্যাপী উৎসব করছি। এটি আমার জীবনের সেরা দিন। বাংলাদেশের মানুষের জন্য এটি মুক্তির দিন, দুঃস্বপ্নের অবসানের দিন।’
গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রার্থীর জন্য ভোট দেওয়া গুরুত্বপূর্ণ, তবে গণভোটটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে এবং আমাদের গৃহীত সংস্কারগুলো ত্বরান্বিত হবে। আমি দেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানাই, আপনারা গণভোটে অংশ নিন যাতে আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে আজ দেশব্যাপী এই সাধারণ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের
