মিরপুরের যে সড়কে চার দিন যান চলাচল বন্ধ থাকবে

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। 

শনিবার (৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিকা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি কমিশনার নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ সময়ে জনসাধারণের ভোগান্তি কমাতে সবার সহযোগিতা কামনা করেছেন কমিশনার। তিনি বলেন, ক্রিকেট ম্যাচ ও বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে ধৈর্য ধারণ করে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে।

এই চার দিনের জন্য যান চলাচল বন্ধ থাকায় মিরপুর এলাকায় অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। তাই চালক ও যাত্রীদের আগেভাগে পরিকল্পনা করে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

AHA
আরও পড়ুন