আশুরা উপলক্ষে ডিএমপির জরুরি নির্দেশনা

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:২২ পিএম

আসন্ন পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষে ঢাকা মহানগরীতে তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাজিয়া মিছিলে ধারালো ও দেশীয় অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। সাধারণত এসব মিছিলে কিছু মানুষকে দা, ছোরা, কাঁচি, বল্লম কিংবা লাঠি নিয়ে অংশ নিতে দেখা যায়, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দেয়। সাধারণ নগরবাসী ও ধর্মপ্রাণ মানুষের মনে যেন কোনো ধরনের আতঙ্ক বা ভীতি সৃষ্টি না হয় এবং জননিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহররমের এই শোকের আবহে আতশবাজি ও পটকা ফোটানোর মতো কর্মকাণ্ড পবিত্র আশুরার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ডিএমপি এই নিষেধাজ্ঞা জারি করেছে।

ডিএমপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে একদম শেষ সময় পর্যন্ত এই আদেশ কঠোরভাবে বলবৎ থাকবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত