মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৮

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের একদল কর্মী। এতে মহাসড়কে আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন কর্মী সাভার পৌর আওয়ামী লীগের নেতা মাসুম দেওয়ানের ছবি-সম্বলিত ব্যানার নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় ঝটিকা মিছিল শুরু করেন। এ সময় তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে আতঙ্ক সৃষ্টি করেন।

পুলিশ ধাওয়া করে প্রথমে তিনজনকে আটক করে। পরে একাধিক অভিযান চালিয়ে রাত ৯টার দিকে আরও পাঁচজনকে আটক করা হয়। এ নিয়ে আটজনকে আটক করা হয়েছে।

মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ‘শত শত নেতাকর্মী কারাগারে বন্দী কেন? তবুও থেমে নেই আমরা অকুতোভয় মুজিব সৈনিকরা।’ তারা আরও বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি এবং আমাদের বিশ্বাস, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও এই লড়াই চালিয়ে যাব।’

পুলিশ জানায়, মিছিলের বিষয়ে প্রশাসনের কাছে আগাম কোনো তথ্য ছিল না। আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন