সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ছিনতাই করা মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে গত ৩০ আগস্ট নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে শেরেবাংলানগর থানায় ছিনতাই ও মৃত্যুর ঘটনায় মামলা করা হয়।

মামলার তথ্যানুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে রনজিনা পারভীন রিকশায় করে ফার্মগেটের একটি হাসপাতালে যাচ্ছিলেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত