ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৩

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, দুপুরের দিকে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

তিনি বলেন, ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমান্তবর্তী এলাকায় পড়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে।

এদিকে একটি সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

এমইউ
আরও পড়ুন