গণভবনের পেছনের মাঠ থেকে ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

রাজধানীর গণভবনের পেছনে অবস্থিত পুরাতন বাণিজ্যমেলা মাঠ থেকে ককটেল ও পেট্রলবোমাসদৃশ বেশ কিছু বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে এসআরবি-২-এর একটি দল ও বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এসব বস্তু উদ্ধার ও ধ্বংস করে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পুরাতন বাণিজ্যমেলা মাঠে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে এসআরবি-২-এর একটি বিশেষ দল ও বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে থাকা বোমাসদৃশ বস্তুগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

এদিকে, এ ঘটনার পর রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকাতেও একই ধরনের বিস্ফোরক বা বোমাসদৃশ বস্তু থাকার তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর পেয়ে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসআরবি-২-এর স্পেশাল কোম্পানির একটি দল বর্তমানে বুদ্ধিজীবী কবরস্থান এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

এএম
আরও পড়ুন