সাদিক কায়েম

অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ এএম

রাজধানীর চকবাজারে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম।

মঙ্গলবার বিকেলে চকবাজারের মনসুর খান প্লাজায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান।

তার মতে, সিটি করপোরেশনের চরম অব্যবস্থাপনা এবং প্রশাসনের উদাসীনতার কারণেই আজ সাধারণ মানুষ অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব হারাচ্ছে। ভবন নির্মাণে বিল্ডিং কোড ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব যাদের, তারা দায়িত্বে অবহেলা করছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, আগুন নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির অভাব এবং দক্ষ জনবলের ঘাটতির কারণে ফায়ার সার্ভিসকর্মীদের কাজের পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

গত সোমবার রাতে চকবাজারে আগুন নেভাতে গিয়ে চারজন ফায়ার ফাইটার আহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। উন্নত সরঞ্জাম ও উপযুক্ত প্রশিক্ষণের অভাবে জীবন ঝুঁকিতে পড়ছে তাদের।

এই সংকট নিরসনে ফায়ার সার্ভিসকে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করার পাশাপাশি দক্ষ কর্মী তৈরির জোর দাবি জানান সাদিক কায়েম।

ভবিষ্যতে নগরবাসীর আস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব পেলে পরিকল্পিত উপায়ে নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন এই নেতা।

উক্ত পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও চকবাজার থানার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত