গণহত্যা দিবস পালনের লক্ষ্যে আজ ২৫ মার্চ রাত ১১টা ১ মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে আরও আছে, ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ ছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।
১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল মানুষ হত্যার উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ।

