অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে : সাদিক কায়েম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম

সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতার কারণে অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসুর ভিপি সাদিক কায়েম। 

 

তিনি বলেন, ‘ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হচ্ছে কি না, তা যথাযথভাবে তদারকি করছে না সিটি করপোরেশন। অন্যদিকে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম, উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাবে ফায়ার সার্ভিসকর্মীদের ঝুঁকি বাড়ছে।’

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

সাদিক কায়েম বলেন, ‘অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে সিটি করপোরেশনের কার্যকর তদারকি প্রয়োজন। পাশাপাশি ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ ও জনবলের ঘাটতির কারণে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের জীবন ঝুঁকিতে পড়ছে। অগ্নিনির্বাপণে গিয়ে কেউ প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন।’

 

চকবাজারে সোমবার (১২ অক্টোবর) রাতে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চারজন ফায়ার ফাইটার আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম ও প্রশিক্ষণের অভাবে এ ধরনের পরিস্থিতিতে ফায়ার সার্ভিসকর্মীদের হতাহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’ 

 

এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষিত ফায়ার ফাইটার গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

‘নগরবাসী ভবিষ্যতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব দিলে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে অগ্নিদুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে’ বলেও জানান সাদিক কায়েম। 

 

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও চকবাজার-বংশাল জোনের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ, চকবাজার দক্ষিণ থানার আমির আনিছুর রহমান, চকবাজার পূর্ব থানার আমির রফিকুল ইসলাম সিকদারসহ চকবাজার থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত