নওগাঁয় জামায়াতের জনসভায় জনস্রোত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রাহমানের নওগাঁর জনসভায় হাজারো মানুষের ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই দলটির নেতকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নওগাঁর এটিএম মাঠ। এছাড়া মাঠের বাইরে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন অনেক নেতাকর্মী। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। 

নওগাঁ ছাড়াও জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যান ব্যবহার করে আশা নেতাকর্মীরা শহরের প্রবেশ মুখে এসে মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জামায়াত ও সংগঠনের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা। নেতাকর্মীদের অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। আবার দলের মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি, মাফলার পড়ে এসেছেন বহু নেতা কর্মী।

নওগাঁর পত্নীতলা থেকে সমাবেশে আসা জামায়াত কর্মী আনিসুর রহমান বলেন, আমিরে জামায়াতকে এতোদিন টিভিতে দেখেছি। আজকে তাকে সরাসরি দেখবো, তাকে এক নজর দেখার জন্য ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে সমাবেশে চলে আসছি। 

রফিকুল নামে আরেক জামায়াত কর্মী বলেন, নওগাঁ শহরে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পুরো শহর এখন দাঁড়িপাল্লাময় হয়ে গেছে। আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, জামায়াত আমির ডা.শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টার দিকে নওগাঁর জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নওগাঁর জনসভা শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিবেন এবং সেখানকার জনসভা শেষ করে রাজশাহী এবং নাটোরে জনসভা করবেন। 

SN
আরও পড়ুন