- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিসিএসে ছয়জন চিকিৎসক স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশ পেয়ে নিয়োগ পেয়েছেন। ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসক ১৯ ফেব্রুয়ারি নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আনন্দ ও গর্বের জন্ম দিয়েছে।
- নিয়োগপ্রাপ্তদের মধ্যে এসএসসি ২০১৪ ব্যাচের তিনজন, ২০১৩ ব্যাচের একজন, ২০১২ ব্যাচের একজন এবং ২০০৯ ব্যাচের একজন রয়েছেন।
- তারা হলেন ডা: আনিসুর রহমান রিয়াদ, ডা: নিশাদ ফারহানা, ডা: জয়িতা দাস, ডা: অনন্যা সরকার, ডা: নির্জনা রাউত তন্বী ও ডা: মো: আনোয়ার রহমান ইমন।
- এসএসসি ২০১৪ ব্যাচের তিন চিকিৎসক
- ডা: আনিসুর রহমান রিয়াদ
- গৌরীপুরের পুম্বাইল গ্রামের বাসিন্দা। এসএসসি (২০১৪) শেষে এইচএসসি এবং পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পারিবারিক প্রতিকূলতা, বিশেষ করে বাবার অকাল মৃত্যু সত্ত্বেও তিনি লক্ষ থেকে সরে যাননি। বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘প্রান্তিক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই আমার অঙ্গীকার।’
- ডা: নিশাদ ফারহানা
- ঈশ্বরগঞ্জ পৌর শহরের ধামদী এলাকার বাসিন্দা। এসএসসি (২০১৪) ও এইচএসসি শেষে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন। তার ভাষায়, দীর্ঘ প্রস্তুতি, ত্যাগ ও অপেক্ষার পর স্বপ্ন পূরণ হয়েছে; এখন দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো।
- ডা: জয়িতা দাস
- পৌর শহরের ঘাটলারপাড় দত্তপাড়ার বাসিন্দা। এসএসসি (২০১৪) শেষে এইচএসসি এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিট থেকে পড়াশোনা শেষ করেন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেছেন। পারিবারিক স্বপ্ন পূরণ করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।
- ডা: অনন্যা সরকার (এসএসসি ২০১৩)
- ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করাই তার লক্ষ।
- ডা: নির্জনা রাউত তন্বী (এসএসসি ২০১২)
- ডেন্টাল সার্জন হিসেবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিট থেকে পড়াশোনা সম্পন্ন করেন। তার মতে, ডেন্টাল চিকিৎসকদের জন্য বিসিএস একটি কার্যকর প্ল্যাটফর্ম।
- ডা: মো: আনোয়ার রহমান ইমন (এসএসসি ২০০৯)
- ফরিদপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি পূর্বে পরিবার পরিকল্পনা ক্যাডারে কর্মরত ছিলেন এবং বর্তমানে উচ্চতর ডিগ্রি অধ্যয়নরত। ৪৮তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন।
- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল বলেন, ‘একই বিসিএসে ছয়জন শিক্ষার্থীর স্বাস্থ্য ক্যাডারে যোগদান বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।’ তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বিদ্যালয়ে আসবেন।
- উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে আয়োজিত অনুষ্ঠানে ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে ৩ হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে এসব চিকিৎসকের পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে।

