মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ : ঝালকাঠিতে বাবার মামলায় মা গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:২৬ এএম

ঝালকাঠির নলছিটিতে নিজের পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় অভিযুক্ত মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর বাবা সাইদুল ইসলামের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শনিবার (১১ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক নয়টার দিকে নলছিটি পৌর এলাকার ফেরিঘাট নামক স্থান থেকে সন্তানসহ নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে মা ও মেয়ে—দুজনকেই নদী থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

মামলার বাদী ও শিশুর বাবা সাইদুল ইসলাম জানান, এক মাস আগে লাকি আক্তারের সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। তার অভিযোগ, সাবেক স্ত্রী নিজে সাঁতার জানলেও শিশুটি সাঁতার জানত না; মূলত কন্যাসন্তানটিকে হত্যার উদ্দেশ্যেই তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবার দেওয়া এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার তাকে আদালতে পাঠানো হবে।

HN
আরও পড়ুন