পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রাম এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো স্থানীয় মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) এবং রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। প্রতিবেশি এই দুই শিশুর আকস্মিক প্রয়াণে পুরো এলাকা জুড়ে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে স্থানীয় জনু মেম্বারের পুকুরে গোসল করতে নামে হুজাইফা ও মাহফুজ। কিন্তু সাঁতার না জানা থাকার কারণে গোসলের একপর্যায়ে দুজনেই পানিতে তলিয়ে যায়।
স্বজনরা দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর পুকুরে মরদেহ ভেসে উঠলে দ্রুত তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সতত্য নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, একই সাথে দুই নিষ্পাপ শিশুর পানিতে ডুবে প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৩ শর্ত ইরানের
খিলক্ষেতে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে ফোন