পঞ্চগড় প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলে ক্রমেই তাপমাত্রা কমছে। আগমনী বার্তা দিচ্ছে শীতের। একেবারে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। সকালে কুয়াশার চাদরে ঢেকে যায় পথঘাট। তবে দিনের বেলায় শীতের ঠিক উল্টোটাই ঘটছে এ উপজেলায়।
গত ১০ দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। প্রতিদিনই নামছে সর্বনিম্ন তাপমাত্রা। এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিনে তা নেমে এসেছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

তাপমাত্রা কমতে শুরু করায় এখন দিনে আর গরম অনুভূত হচ্ছে না। বিকেল থেকেই উত্তরের হালকা হিমেল বাতাসে শুরু হয় শীতের পরশ। সন্ধ্যার থেকেই শুরু হচ্ছে হালকা কুয়াশা। রাত বাড়ার সাথে সাথে হালকা কুয়াশা রূপ নিচ্ছে মাঝারী কুয়াশায়। সকালে গাছের পাতায় শিশির বিন্দু জমে থাকছে অনেক বেলা অবধি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মৌসুমী বায়ু ধীরে ধীরে বিদায় নিতে শুরু করলেও নতুন করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে আকাশ মেঘলা রয়েছে। এই মেঘ কেটে গেলে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে শুরু করবে এবং পুরো শীত নামবে।
শুরু হয়েছে শীতের পুরো প্রস্তুতি। শীতের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে লেপ-তোষক তৈরী শুরু করে দিয়েছেন উচ্চ ও মধ্যবিত্তরা।

