নারায়ণগঞ্জে আবারও ‘ডাকাত সন্দেহে’ চারজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, গণপিটুনিতে আহতরা ডাকাত নয়, ছিনতাইকারী।
শুক্রবার (২২ মার্চ) ভোরে সদর উপজেলার গোগনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শহরের জল্লারপাড় এলাকার রবিন গাজী (২৬), শহীদ নগর এলাকার মহিউদ্দিন (২৮), গোগনগর এলাকার অনিক হাসান (২৮) ও বন্দর উপজেলার নয়ন মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে গোপনগর এলাকায় আহত চার যুবককে সন্দেহভাজন ব্যক্তি মনে হলে তাদের আটক করে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এরপর সদর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
আহত চার যুবকই ছিনতাইকারী জানিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, জরুরি নম্বরের (৯৯৯) মাধ্যমে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের গ্রামবাসী ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়েছে। তবে তারা ডাকাত নয়, ছিনতাইকারী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পূর্বের মামলার বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ১৭ মার্চ রাতে সোনারগাঁয়ের বাঘারী গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে চারজন নিহত হন।