স্ত্রীকে পাচারের পরিকল্পনা ফাঁস, স্বামীসহ গ্রেফতার ৪

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ এএম

বিয়ের তিন মাস না পেরোতেই স্ত্রীকে ভারতে পাচারের ভয়ংকর পরিকল্পনা করেন স্বামী আশিকুর রহমান। চার লাখ টাকার বিনিময়ে তাকে ভারতীয় পাচারকারীদের হাতে তুলে দেয়ার প্রস্তুতি চলছিল।

ভ্রমণের কথা বলে স্ত্রীকে ময়মনসিংহের ভালুকা থেকে সিলেটের জাফলংয়ে নিয়ে আসেন আশিকুর। পরে তাকে বল্লাঘাটের একটি আবাসিক হোটেলের কক্ষে তোলা হয়।

কিছুক্ষণ পর স্বামী ও তার তিন সহযোগীর গোপন কথাবার্তায় সন্দেহ বাড়ে ওই তরুণীর। সুযোগ বুঝে তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা কিংবা পুলিশকে ফোন করেন।

খবর পেয়ে সোমবার রাত আটটার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায়। পাচারের আগেই ভুক্তভোগী তরুণীকে নিরাপদে উদ্ধার করা হয়।

ঘটনাটি টের পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী আশিকুর রহমানসহ মোট চারজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন জহিরুল ইসলাম, কাওছার ও সাগর মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, ভারতীয় পাচারকারীদের কাছে স্ত্রীকে চার লাখ টাকায় বিক্রির চুক্তি করেছিলেন আশিকুর।

এ ঘটনায় উদ্ধার হওয়া নারী খুকি আক্তার মীম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার এবং চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

এইচএন
আরও পড়ুন