মালয়েশিয়ায় কুরআনের বিশ্বমঞ্চে বিশ্বজয়ী বাংলাদেশের এহতিশামুল

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ এএম

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ এহতিশামুল হক হিরা। 

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় তিনি পুরুষ হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।

রাজধানী ঢাকার ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী’র এই শিক্ষার্থী ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে শীর্ষ স্থান লাভ করেন। একই নম্বর পেয়ে তার সাথে যৌথভাবে সেরা হয়েছেন সিরিয়ার প্রতিযোগী আবদুল রহমান জামাল ইব্রাহিম। 

অন্যদিকে, ৯৬.৩৩ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া।

কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত ৬ অক্টোবর পাঁচ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী আসরের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

শনিবার (১০ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

হিফজ বিভাগে প্রথম স্থান অর্জনের মাধ্যমে হাফেজ এহতিশামুল পুরস্কার হিসেবে পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ এবং একটি সম্মাননা ট্রফি। সেই সাথে তিনি ৫ হাজার রিঙ্গিত মূল্যের একটি ওমরাহ বা মুসলিম পর্যটন প্যাকেজ ও ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার উপহার পান।

প্রতিযোগিতায় অন্যান্য বিভাগের মধ্যে পুরুষ তিলাওয়াতে ইন্দোনেশিয়া এবং নারী তিলাওয়াতে স্বাগতিক মালয়েশিয়া জয়ী হয়। এ ছাড়া নারী হিফজ বিভাগে নাইজারের প্রতিযোগী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

বিশ্বমঞ্চে বাংলাদেশি হাফেজের এই ঐতিহাসিক সাফল্যে আনন্দে ভাসছেন দেশের মানুষ ও মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা। উল্লেখ্য, মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থীরা ইতিপূর্বেও তাকরিম, মুয়াজ ও আনাসের মতো বিশ্বজয়ী হাফেজ উপহার দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছে।

এইচএন
আরও পড়ুন