‘রাসেলস ভাইপার’ মারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণায় রদবদল

আপডেট : ২১ জুন ২০২৪, ১১:৩৩ পিএম

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভায় রাসেলস ভাইপার সাপের উপদ্রবে চরাঞ্চলের মানুষের উদ্বেগের বিষয়টি উল্লেখ করে রাসেলস ভাইপার মারতে পারলে পুরস্কার ঘোষণা করেন। 

সভায় সাধারণ সম্পাদক বলেন, কেউ একটি রাসেলস ভাইপার মারতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। যতগুলো সাপ মারবে, ততবার এই পুরস্কার দেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ ঘোষণা ছিল ২০১২ সালে প্রণীত বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ওই আইনে সরীসৃপ (সাপজাতীয়) কোনো প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ হিসেবে বলা হয়েছে।

শুক্রবার (২১ জুন) শাহ মো. ইশতিয়াক তাঁর অবস্থান পরিবর্তন করে গণমাধ্যমকর্মীদের জানান, ওই ঘোষণা যখন দেন, তখন এ–সংক্রান্ত আইন সম্পর্কে তাঁর জানা ছিল না। তা ছাড়া এটি কোনো খোলা জনসভা ছিল না, ছিল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির ঘরোয়া সমাবেশ। তবে এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে বলা হবে, রাসেলস ভাইপার জীবিত অবস্থায় ধরে বন বিভাগের কাছে সোপর্দ করা হলে এ পুরস্কার দেওয়া হবে।

 

 

AS
আরও পড়ুন