ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক গত ২০ জুন এক আলোচনা সভায় রাসেলস ভাইপার মারতে পারলে পুরস্কার ঘোষণা করেন। পরে সমালোচনার মুখে পড়ে পুরস্কার ঘোষণায় রদবদল করে তিনি বলেন, রাসেলস ভাইপার জীবিত অবস্থায় ধরে বন বিভাগের কাছে সোপর্দ করা হলে এ পুরস্কার দেওয়া হবে।
ঘোষিত এই পুরস্কার পেতে এবার একটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা ধরে ফরিদপুর প্রেসক্লাবে চলে গেলেন রেজাউল নামে এক যুবক।
শনিবার (২২ জুন) রাতে রেজাউল সাপটি নিয়ে প্রেসক্লাবে আসেন হাজির হন। রেজাউলের বাড়ি শহরতলীর আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। রেজাউল পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন।
রাসেলস ভাইপার শিকারী রেজাউল বলেন, দুইদিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকেলে মাছ ধরতে গিয়ে এই সাপটি দেখতে পান। পরে তোয়ালে দিয়ে পেচিয়ে সাপটিকে ধরে ফেলেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছে জেনেছেন, জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দিবেন। এ কারণেই মূলত জীবিত সাপটি ধরেছেন তিনি।