ঝালকাঠিতে ডেঙ্গুতে কেড়ে নিলো বাবা-মায়ের একমাত্র সন্তান

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝালকাঠিতে সুরাইয়া আক্তার জেরিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জেরিন ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা এবং ঝালকাঠি শরৎচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জামাল খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট।
 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত দিন আগে জ্বরে আক্রান্ত হয় জেরিন। প্রথমে বাড়িতে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের মামা মিজানুর রহমান বলেন, ‘আমার ভাগ্নি ছয়-সাত দিন আগে অসুস্থ হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, তার ডেঙ্গু হয়েছে। এরপর হাসপাতালে ভর্তি রেখে তিন-চার দিন চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। কিন্তু আজ আবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে মিলন ফার্মেসিতে নিয়ে যাই। সেখান থেকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে যেতে বলা হয়। জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণ পরই সে মারা যায়।’
তিনি আরও বলেন, জেরিন ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। পরিবারের সবার আদরের এই শিশুর অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ডেঙ্গুতে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন জেরিনের বাবা-মা। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।
MCH/AHA
আরও পড়ুন