বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ থেকে গৃহবধূ মোসা. রিমার (২৭) মরদেহ নেওয়াকে কেন্দ্র করে তাঁর স্বজন ও শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের মর্গের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে তোলার সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের কলাতলা এলাকার শহীদ মৃধার মেয়ে রিমার সঙ্গে তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের মঠখোলা গ্রামের ইউসুফ মুসল্লির বিয়ে হয়। তাঁদের দুই ছেলে সন্তান রয়েছে। স্বজনদের দাবি, দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ লেগে থাকত।
পরিবারের সদস্যরা জানায়, সোমবার গ্যাস ট্যাবলেট খাওয়া অবস্থায় রিমাকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। এ অভিযোগের পর তালতলী থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। তাঁদের দাবি, মরদেহ হাসপাতালে রেখে রিমার স্বামী ইউসুফসহ শ্বশুরবাড়ির লোকজন চলে যান। প্রায় দুই ঘণ্টা পর তাঁরা হাসপাতালে ফিরলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষ বাধে।
নিহত রিমার দাদা আবু বকর বলেন, ‘আমরা মনে করছি রিমাকে হত্যা করা হয়েছে। অথচ অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে আমাদের আবেদনের পর ময়নাতদন্ত করা হয়।’
রিমার ভাই মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমি বাইরে ছিলাম। ফোনে জানতে পারি, আমার বোনকে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়েছে। কয়েকদিন আগেও তাকে মারধর করা হয়েছিল। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘হত্যা নাকি আত্মহত্যা, সেটি নিশ্চিত হওয়ার জন্যই ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।’
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি
কোটচাঁদপুরে চুরির অভিযোগে গ্রেপ্তার ৪