বরগুনার বেতাগীতে এক কিশোরকে মারধর ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে আগামী ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন এই আদেশ দেন। আদালতে মামলাটি বিবিধ-১ নম্বর মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ‘Mq ReZa 2.0’ নামের একটি ফেসবুক পেজে কিশোরকে মারধরের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি আদালতের নজরে আসার পর তা পর্যালোচনা করে স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করা হয়।
ভিডিওতে বেতাগী সদর ইউনিয়নের বাসিন্দা খোকনের ছেলে রেজাকে এক কিশোরকে মারধর করতে দেখা যায়। প্রাথমিকভাবে জানা গেছে, রাজনৈতিক সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে রেজা তার সহপাঠী রাব্বীর ছোট ভাইকে মারধর করেন। ভিডিওতে ওই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন দেখা যায়।
ভিডিওতে দৃশ্যমান আঘাতের ধরন, ভুক্তভোগীর বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় প্রাথমিকভাবে আঘাতের বিষয়টি প্রতীয়মান হয়েছে। পাশাপাশি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিও আদালতের নজরে এসেছে।
ঘটনাটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে আদালত স্বপ্রণোদিত হয়ে অপরাধটি আমলে নেয়।
আদালত জানায়, অভিযুক্তদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত নয়। ভুক্তভোগীর আঘাতের প্রকৃতি নির্ধারণে চিকিৎসা সনদ সংগ্রহের পাশাপাশি সাক্ষীদের পরিচয় নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, নির্যাতনের শিকার কিশোর বিভিন্ন সময় মেয়েদের উত্ত্যক্ত করতেন এবং তার বোনকেও উত্ত্যক্ত করেছিলেন। এ কারণেই তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন রেজা।
বেতাগী থানার ওসি মো. হারুনুর অর রশিদ হাওলাদার বলেন, আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
পর্নো ভিডিও তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না