ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও দাদন ব্যবসায়ীদের ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কামরু জাহান (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামরু জাহান ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী এবং চার কন্যাসন্তানের জননী। পুলিশ নিহতের দেবরের ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরু জাহান জাগরণ ফাউন্ডেশন, আরআরএফ, পিএমএস, রিক এবং প্রত্যাশীসহ বেশ কয়েকটি এনজিও থেকে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি এবং স্থানীয় দাদন ব্যবসায়ীদের সুদের টাকা পরিশোধে তিনি দীর্ঘ দিন ধরে হিমশিম খাচ্ছিলেন। ঘটনার দিন পাওনাদাররা টাকার জন্য বাড়িতে এসে চাপ সৃষ্টি করলে তিনি লোকচক্ষুর অন্তরালে দেবরের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
নিহতের জামাতা কামরুল হাসান জানান, বিভিন্ন এনজিওর কিস্তির পাশাপাশি ব্যক্তিগতভাবে সুদে নেওয়া টাকার মালিকরা বাড়িতে এসে চরম চাপ সৃষ্টি করছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরে তাঁর শাশুড়ি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। স্থানীয়দের দাবি, তাঁর স্বামী প্রবাসে থাকলেও পরিবারের নিয়মিত খোঁজ নিতেন না, যা কামরু জাহানকে আরও হতাশাগ্ৰস্ত করে তুলেছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
৩ কিশোরীর আত্মহত্যা নিয়ে নতুন রহস্য!
অনলাইন গেমে আসক্ত ৩ বোনের একসাথে আত্মহত্যা
