ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:২৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় তিতাস নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশু জিহাদ (৬) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত জিহাদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার খাসতাল গ্রামের আক্তার হোসেনের ছেলে। 
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, খেলাধুলার একপর্যায়ে জিহাদ অসাবধানতাবশত তিতাস নদীর পানিতে পড়ে যায়।
 
এরপর দিনভর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি জানার পর অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) টিপু সুলতান সরাইল ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং রাতের অন্ধকারে উদ্ধার অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেদিন অভিযান স্থগিত রাখা হয়।
সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ মোহাম্মদ জানান, মঙ্গলবার (২৩ জুন) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে অরুয়াইল তিতাস নদীর পশ্চিম তীরে তেলিয়াকান্দি নৌকা ঘাট এলাকায় শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠতে দেখা যায়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, ‘তিতাস নদীতে জিহাদ নামের এক শিশুর ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। তবে গতকাল তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
ওসি আরো বলেন, ‘আজ সকালে উদ্ধার অভিযানের সময় নদীর পশ্চিম তীরে তার মরদেহ ভেসে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত