সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ থাকবে ভ্রমণ

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া সব পর্যটক অবশেষে নিরাপদে ফিরে এসেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা প্রহরায় তারা সাজেক ত্যাগ করেন। তবে সড়ক যোগাযোগ এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় পর্যটকদের সাজেক যাতায়াত সাময়িকভাবে স্থগিত রেখেছে জেলা প্রশাসন।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ পর্যটকদের ফেরার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক থেকে পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ায় শুক্রবার সকালে আটকে থাকা অবশিষ্ট পর্যটকরা সাজেক ছেড়েছেন। সাজেকে আটকে পড়া মোট ৬০০ জন পর্যটকের মধ্যে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ১৫০ জন বিশেষ উপায়ে চলে যান। আর বাকি ৪৫০ জন পর্যটক আজ সকালে সাজেক ছাড়ায় বর্তমানে সেখানে আর কোনো পর্যটক অবশিষ্ট নেই।

এদিকে গত সোমবার ও মঙ্গলবার সকালে যেসব পর্যটক সাজেক ভ্রমণে গিয়েছিলেন, মূলত তারাই এই বিপাকে পড়েন। টানা ভারী বর্ষণের ফলে সাজেক সড়কের দুটি অংশ পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। এতে করে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং পর্যটকরা দীর্ঘ দুই দিন আটকে থাকেন।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও ঝুঁকির কথা বিবেচনা করে গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকেই সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

YA
আরও পড়ুন