পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যেই এবার সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের সঙ্গে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গোলাগুলির খবর পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাজেকের কৃলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে। থেমে থেমে গোলাগুলি চলার খবরে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়।
তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেলা সাড়ে ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন বাঘাইছড়ি এলাকার স্থানীয় সাংবাদকর্মী মো. মহিউদ্দিন। তার ভাষ্য, শনিবার দুপুর থেকে সাজেকের কলাবুনিয়া পাড়ায় দুপক্ষের মধ্যে আধিপত্য ধরে রাখার লড়াই চলছে।
এ বিষয়ে জানতে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন দুপক্ষের গোলাগুলির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউপিডিএফ ও জেএসএস’র সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সংগঠন দুটির দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নিরপেক্ষভাবে জানা সম্ভব হয়নি।
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন