কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগির মাংস পরিবেশনের অভিযোগের প্রতিকার চাইতে গিয়ে হুমকির শিকার হয়েছেন এক পর্যটক।
অভিযোগ, প্রতিকার চাওয়ার পর হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তাকে ভয়ভীতি দেখান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার পর ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় মামলাটি করেন থানার এসআই শুভ্র রুদ্র।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করেন।
রাসেলের অভিযোগ, রাতে পরিবারের সদস্যদের নিয়ে হোটেলটির নিজস্ব রেস্তোরাঁয় খাবার খেতে যান তিনি। সেখানে দেশি মুরগির মাংসের অর্ডার দেওয়ার আগে একাধিকবার বিষয়টি নিশ্চিত করেন। রেস্তোরাঁর কর্মীরাও তাকে দেশি মুরগি পরিবেশনের কথা জানান।
তবে খাবার পরিবেশনের পর স্বাদ নিয়ে সন্দেহ হয় রাসেলের। পরে বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালে তার অভিযোগ, দেশি মুরগির নামে তাদের সোনালি মুরগির মাংস পরিবেশন করা হয়েছে।
রাসেলের দাবি, বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর তারা সোনালি মুরগি পরিবেশনের কথা স্বীকার করেন। এমনকি হোটেলটিতে ‘দেশি মুরগি’ হিসেবে মূলত সোনালি মুরগিই পরিবেশন করা হয় বলেও তাকে জানানো হয়।
পরে রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ফোন করে বিষয়টি জানান। তবে তাৎক্ষণিক কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। এর কিছুক্ষণ পর হোটেল সী-গালের রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাকে ফোন করেন। রাসেলের অভিযোগ, ওই ফোনে রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তাকে হুমকি দেওয়া হয়।
রাসেল উদ্দিন বলেন, রেস্তোরাঁয় খাবার অর্ডারের সময় বারবার জানতে চাওয়ার পরও তাদের ভুল তথ্য দিয়ে অন্য মুরগির মাংস পরিবেশন করা হয়েছে। খাবারের দাম নিয়ে তার আপত্তি ছিল না। তবে সেবার নামে প্রতারণা এবং পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এ ঘটনায় তিনি জাতীয় অভিযোগ সেলেও অভিযোগ করেন।
এদিকে জাতীয় অভিযোগ সেলে করা অভিযোগের বিষয়ে হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানের সঙ্গে সাংবাদিকরা কথা বলেন। অভিযোগ প্রসঙ্গে তিনি রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক রয়েছে এবং তারেক জিয়ার সঙ্গেও সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, হোটেলটি ‘তারেক জিয়ার হোটেল’ হিসেবে পরিচিত। ওই কথোপকথনের অডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, অডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে সূত্রটি দাবি করেছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে এবং অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
অন্যদিকে, ঘটনার পরপরই মীর কামরুল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল।
তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ম্যানেজারকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এদিকে শুধু হুমকির অভিযোগে করা মামলাই নয়, খাবার পরিবেশন নিয়ে পর্যটক রাসেল উদ্দিনের করা লিখিত অভিযোগও আমলে নেওয়া হয়েছে।
অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের নথিতেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনার বিষয়টি উল্লেখ রয়েছে।
এর আগে জেলা প্রশাসনের পর্যটন সেলেও অভিযোগ করেছিলেন রাসেল। সেখান থেকে তাৎক্ষণিক প্রতিকার না পাওয়ার পর তিনি সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার অভিযোগটি আমলে নেয়।
পানিতে ডুবে নারী ও শিশুর প্রাণহানি
লোডশেডিংয়ে কারখানা ও তাঁতশিল্পে ধস
নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
অবৈধ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা